সকল জাতিগোষ্ঠীর পবিত্র ধর্মগ্রন্থের বিরুদ্ধে সহিংসতা ও অবমাননা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বলে একটি প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘে।
মঙ্গলবার (২৫ জুলাই) জাতিসংঘের ১৯৩ সদস্যবিশিষ্ট সাধারণ পরিষদে মরক্কো কর্তৃক উত্থাপিত এ প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
গৃহীত প্রস্তাব অনুযায়ী বলা হয়েছে, “এটি ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে যেকোনো ব্যক্তির বিরুদ্ধে আক্রমণাত্মক কাজ অথবা তাদের ধর্মীয় প্রতীক, পবিত্র গ্রন্থ, বসত-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, সম্পত্তি, বিদ্যালয়, সাংস্কৃতিক কেন্দ্র বা উপাসনালয়ের বিরুদ্ধে সংঘটিত যে কোন সহিংসতা মূলক কাজের নিন্দা জানায়।”
প্রস্তাবটি এমন একটি সময়ে পাস হয়েছে ঠিক যখন, ইউরোপে অবস্থিত একাধিক দেশে পবিত্র কুরআন অবমাননা ও পোড়ানোর ঘটনা ঘটেছে। বিশেষ করে মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদের দিন সুইডেনের রাজধানী স্টকহোমে কুরআন পোড়ানোর ঘটনাটি বিশ্বব্যাপী নিন্দার ঝড় তুলেছিল।
তখন মুসলিম বিশ্বের নেতা ও রাজনীতিবিদরা জোর দিয়ে বলেছিলেন, কুরআন অবমাননার মত অপবিত্র ও উস্কানিমূলক ঘটনা মত প্রকাশের স্বাধীনতার অন্তর্ভুক্ত হতে পারে না।
এছাড়াও গত ১২ জুলাই পশ্চিমা দেশগুলোর বিরোধিতা সত্ত্বেও কুরআন অবমাননার সাম্প্রতিক ঘটনার নিন্দা জানায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। যেখানে কুরআন অবমাননা কে ‘ঘৃণ্য’ কাজ বলে অভিহিত করা হয়।
সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি











