রাজধানীতে বিএনপি তারুণ্যের সমাবেশের তারিখ পিছিয়েছে। পুলিশের নির্ধারণ করে দেয়া গোলাপবাগের মাঠে তারা সমাবেশে করবে না। তবে নতুন করে পল্টনের সড়ক বা সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে চাইলে পুলিশের কাছে নতুন করে আবেদন করতে হবে।
বুধবার (২৬ জুলাই) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক সময় সংবাদকে এমন তথ্য জানিয়েছেন।
তবে আবেদন করলেই সড়কে সমাবেশের অনুমতি দেওয়া হবে কি না সে বিষয়টি পরিষ্কার নয়।
ডিএমপি কমিশনার বলেন, নয়াপল্টন কিংবা গোলাপবাগে যেখানেই বিএনপি মহাসমাবেশ করুক আবারও নতুন করে আবেদন করতে হবে। ডিএমপির অনুমোদন ছাড়া কোথাও সমাবেশ করা যাবে না। তবে ছুটির দিনেও চ্যালেঞ্জ থাকতে পারে। তাছাড়া মহররমের একটি বিষয় রয়েছে। তাই পরিবেশ-পরিস্থিতি বুঝে আবেদনের পর সিদ্ধান্ত জানানো হবে।










