পাকিস্তানের পানির ন্যায্য হিস্যা বন্ধ, বাধাগ্রস্ত বা অন্যদিকে সরিয়ে নেওয়ার যেকোনো চেষ্টা যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে বলে ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মাদ শাহবাজ শরিফ।
তিনি বলেন, পানিকে কখনো অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়। নদীগুলো জাতিগুলোর মধ্যে বিভাজন তৈরি না করে তাদের সমৃদ্ধ করবে। পাকিস্তানের পানির হিস্যা বন্ধ, বাধাগ্রস্ত বা অন্যদিকে সরিয়ে নেওয়ার যেকোনো প্রচেষ্টা যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে ভাষণ দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
শাহবাজ শরিফ বলেন, ভারতের পক্ষ থেকে সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তের কোনো আইনি ভিত্তি নেই। চুক্তিটি এখনো কার্যকর ও বাধ্যতামূলক রয়েছে বলে পাকিস্তানের অবস্থান তুলে ধরেন তিনি। এ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন সিদ্ধান্তও পাকিস্তানের অবস্থানকে সমর্থন করেছে বলে দাবি করেন তিনি।
ভারত-পাকিস্তানের ২০২৫ সালের সামরিক সংঘাত প্রসঙ্গে পাকিস্তানি সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন শাহবাজ শরিফ। একই সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় মে মাসে যুদ্ধবিরতি হওয়াকে স্বাগত জানান তিনি।
কাশ্মীর প্রসঙ্গে শাহবাজ শরিফ জাতিসংঘের মাধ্যমে অবাধ ও নিরপেক্ষ গণভোটের দাবি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত পাকিস্তান তাদের কূটনৈতিক, রাজনৈতিক ও নৈতিক সমর্থন অব্যাহত রাখবে।
সূত্র : ডন, পাকিস্তান ব্রডকাস্টিং করপোরেশন











