অবরুদ্ধ গাজ্জায় গত দেড় মাসে প্রায় ৪০ হাজার টন বোমা ফেলেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। রোববার গাজ্জার সরকারের গণমাধ্যমবিষয়ক কার্যালয়ের প্রধান সালামা মারুফ এই তথ্য জানিয়েছেন।
গাজ্জার পরিস্থিতি নিয়ে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সঙ্গে কথা বলেছেন তিনি।
এ সময় সালামা মারুফ বলেন, গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর দিন থেকে এখন পর্যন্ত গাজ্জায় ৪০ হাজার টন বোমা ফেলেছে ইসরাইলি সামরিক বাহিনী।
ইসরাইলের নির্বিচার হামলায় উপত্যকায় ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। এই বিষয়ে তিনি বলেন, গাজ্জার মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশই মৌলিক চাহিদা থেকে বঞ্চিত রয়েছেন। ইসরাইলি সেনাবাহিনীর ধ্বংসযজ্ঞ গাজ্জাকে বসবাসের অযোগ্য করে তোলার ইচ্ছার প্রতিফলন।
সালামা মারুফ বলেন, গাজ্জার বৃহত্তম আল-শিফা হাসপাতাল আর সচল নেই। যে কারণে আমাদের জরুরি ভিত্তিতে বড় ধরনের একটি ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করতে হবে। ইসরাইলের বোমা হামলায় গাজ্জায় নিহত শিশুর সংখ্যা গত বছর সারা বিশ্বের সব সংঘাতে প্রাণ হারানো শিশুদের সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
সূত্র: আলজাজিরা











