বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও সফররত সংসদীয় প্রতিনিধিদলের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ। ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত এ নৈশভোজে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরাও অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার (২৫ নভেম্বর) রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়।
এর আগে বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন করেন। প্রতিনিধিদলটি পার্লামেন্ট হাউসে পৌঁছালে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, জাতীয় পরিষদের সদস্যরা এবং জাতীয় পরিষদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।
পরিদর্শনকালে বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম পাকিস্তানের পার্লামেন্ট হাউস প্রাঙ্গণে ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা বা হিমচাঁপা গাছের চারা রোপণ করেন। এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক ও বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বাংলাদেশ ও পাকিস্তানের অগ্রগতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে ভ্রাতৃপ্রতিম দুই মুসলিম দেশের মধ্যকার বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রতিনিধিদলসহ পাকিস্তানের জাতীয় পরিষদ হলরুম পরিদর্শন করেন। এ সময় পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক সফররত প্রতিনিধিদলকে হলরুমের ঐতিহাসিক তাৎপর্য এবং দেশটির সংসদের আইন প্রণয়ন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।











