spot_img
spot_img

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রুহুল কবির রিজভী

ভারতে ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশের শ্রমিকদের নির্ধারিত নতুন মজুরি বেশি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীরা। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।

রিজভী জানান, সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ ও আন্দোলন নিরসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক নেতা নজরুল ইসলাম খান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার পরামর্শ ও নেতৃত্বে আলোচনার মাধ্যমে শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়ে কার্যকর সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে। এর অংশ হিসেবে শ্রমিকদের মজুরি প্রায় ৩৬ শতাংশ বাড়ানো হয়েছে।

নতুন মজুরি কাঠামোর তথ্য তুলে ধরে তিনি বলেন, শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। গ্রেড অনুযায়ী সর্বোচ্চ মজুরি দাঁড়িয়েছে ২১ হাজার ৫০০ টাকা। এতে সর্বনিম্ন পর্যায়ে ৪ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ পর্যায়ে ৬ হাজার ৪৬৫ টাকা পর্যন্ত মজুরি বেড়েছে। তার দাবি, এই মজুরি কাঠামো ভারত ও পাকিস্তানের তুলনায়ও বেশি।

নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, স্বার্থ রক্ষা ও সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই নেতা। আমানউল্লাহ আমানকে আহ্বায়ক এবং শামসুর রহমান শিমুল বিশ্বাসকে সদস্য সচিব করে গঠিত কমিটির নেতৃত্বের প্রতি আস্থার কথাও জানান তিনি।

এদিকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী শক্তি সীমান্তের ওপার থেকে বিভিন্ন পক্ষকে ব্যবহার করে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী হাসিনার বাংলাদেশে ফিরে আসার প্রসঙ্গেও কথা বলেন রিজভী। তিনি বলেন, বাংলাদেশের মাটিতে হাসিনার আর ফিরে আসার সুযোগ হবে না।

আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করার বিষয়ে ছড়ানো বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এ দেশের মানুষ সব সময় প্রস্তুত। আগ্রাসন চালিয়ে কোনো শক্তিই বাংলাদেশের জনগণের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ