গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৫০টি বাস নিয়ে আজ থেকে চালু হচ্ছে “ঢাকা নগর পরিবহন”। কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত প্রায় ২১ কিলোমিটারের এ রুটে সবুজ রঙের বাস নিয়ে চালু হচ্ছে বাস রুট রেশনালাইজেশনের উদ্যোগে ঢাকা নগর পরিবহন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানিয়েছেন, রাজধানীর মোহাম্মদপুর ডিপো সংলগ্ন বাস স্টপেজ থেকে যাত্রা শুরু করবে ঢাকা নগর পরিবহন।
রোববার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মুহাম্মাদ আতিকুল ইসলাম।











