শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, রাজনীতি করো বা না করো, সেটা একেবারে ব্যক্তিগত পছন্দ-অপচ্ছন্দের ব্যাপার। দলীয় রাজনীতি করবে কি করবে না সেটাও তোমার ব্যক্তিগত বিষয়। কিন্তু রাজনীতি সচেতন না হয়ে তুমি সফল মানুষ হতে পারবে না, সুনাগরিক হতে পারবে না। কারণ তুমি তোমার দায়িত্ব পালন করতে পারবে না। সিদ্ধান্ত গ্রহণের জায়গায় তোমার সিদ্ধান্ত, তোমার দেশের সিদ্ধান্ত কে নেবে সেই সিদ্ধান্ত তুমি সঠিকভাবে নিতে পারবে না। তাই তোমাকে রাজনীতি সচেতন হতেই হবে। ভালো আর মন্দের দফাৎ বুঝতেই হবে, সাদা আর কালোর তফাৎ করতে জানতেই হবে।
রবিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর দনিয়া কলেজে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, জীবনের সব ক্ষেত্রের মতো রাজনীতিতে ভালো-মন্দ আছে। কিন্তু তার অর্থ এই নয় যে রাজনীতি ভলো নয়। রাজনীতি সেই জয়গা, যেখানে জীবনের সব সিদ্ধান্ত গৃহীত হয়। আমাদের ব্যক্তি জীবনটা কেমন চলবে সেই সিদ্ধান্ত নিজেরাই নেই। কিন্তু আমাদের জীবন-জীবিকা কেমন চলবে, দেশটা কেমন হবে, আমার লেখাপড়ার সুযোগ থাকবে কি থাকবে না, খবারের সংস্থান হবে কি হবে না, কাজের সংস্থান হবে কি হবে না, সকালে উঠে কলটা চালালে পানি আসবে কি আসবে না, সেই সিদ্ধান্তগুলো যেখানে গৃহীত হয় সেটাই রাজনীতি।
তিনি বলেন, সবাইকে রাজনীতি সচেতন হতে হবে। এই ক্যাম্পাসে আসার পর ছাত্র রাজনীতিকর সঙ্গে যুক্তদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। এটি আমার ভালো লেগেছে। অর্থাৎ এই ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ নয়। আমার দু’টি প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ হয়েছে। একটি প্রতিষ্ঠানে গিয়ে ভয় পেয়েছি। কারণ সেখানে লেখা আছে— ধূমপান ও রাজনীতিমুক্ত ক্যাম্পাস। অর্থাৎ ধূমপানের মতো রাজনীতিটাও পরিত্যজ্য; সেই প্রতিষ্ঠান এই মেসেজ দেওয়ার চেষ্টা করছে।










