ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটার কিনে নেওয়ার পর থেকে সংস্থাটিতে অন্য সবকিছুর চেয়ে যেন ছাঁটাইটাই নিয়মিত হচ্ছে। গত বছরের অক্টোবরের শেষে মালিকানা হাতে নেওয়ার পর ৭ দফায় ছাঁটাই দেখেছে টুইটার। আর এবার অষ্টম দফায় আরও কয়েক ডজন কর্মচারীকে ছাঁটাই করেছে ইলন মাস্কের টুইটার।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের শেষের দিকে ইলন মাস্ক টুইটারের মালিকানা হাতে নেওয়ার পর সর্বশেষ অষ্টম দফায় কয়েক ডজন কর্মচারীকে ছাঁটাই কারার খবরটি সামনে এনেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আমেরিকান প্রযুক্তি শিল্প-কেন্দ্রিক ব্যবসা প্রকাশনা দ্য ইনফরমেশন।
এতে বলা হয়েছে, ইলন মাস্কের টুইটার থেকে শনিবার এই ছাঁটাইয়ের ঘটনা ঘটে। বিষয়টি সম্পর্কে জানেন এমন ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে মার্কিন প্রযুক্তি-কেন্দ্রিক প্রকাশনার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারের এই চাকরি ছাঁটাই টুইটারের একাধিক ইঞ্জিনিয়ারিং দলকে প্রভাবিত করেছে। যার মধ্যে বিজ্ঞাপন প্রযুক্তি, প্রধান টুইটার অ্যাপ, সেইসাথে টুইটারের সিস্টেমগুলোকে চালু রাখার জন্য প্রযুক্তিগত অবকাঠামোসহ অন্য বিভাগও রয়েছে।
টুইটার অবশ্য তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।











