spot_img
spot_img

ইতালির দক্ষিণাঞ্চলে অভিবাসী জাহাজ বিধ্বস্ত হয়ে ২৮ পাকিস্তানির মৃত্যু

দক্ষিণ ইতালির ক্যালাব্রিয়া অঞ্চলের পূর্ব উপকূলে একটি জাহাজডুবির ঘটনায় অন্তত ৫৮ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। জানা গেছে এর মধ্যে অন্তত ২৮ জন অবৈধ পাকিস্তানি অভিবাসী ছিল।

ইতালির কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল রবিবার (২৬ ফেব্রুয়ারি) ক্রোটোনের কাছে অবতরণের চেষ্টা করার সময় জাহাজটি ভেঙে পড়ে।

কর্মকর্তারা আরো জানান, এ জাহাজটিতে আফগানিস্তান, পাকিস্তান, সোমালিয়া ও ইরানের অভিবাসীসহ মোট ২০০ জনেরও বেশি মানুষ ছিল। যার মধ্যে ৮০ জনকে জীবিত পাওয়া গেছে। জীবিতরা জাহাজটি ডুবে যাওয়ার পর উপকূলে পৌঁছাতে সক্ষম হয়েছিল। মৃত ৫৮ জনের মধ্যে ১২ জন শিশু ছিল।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি ঘটনাস্থল পরিদর্শনের পর বলেছেন, “অনুমান করা যাচ্ছে এখন পর্যন্ত ৩০ জন নিখোঁজ রয়েছে।”

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পাকিস্তানিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঘটনাটি উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, সমুদ্রপথে অবৈধ অভিবাসীদের ইউরোপে প্রবেশের জন্য ইতালি অন্যতম প্রধান অবতরণস্থল।
আন্তর্জাতিক সংস্থা অনুসারে, ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগরে ২০ হাজার ৩৩৩ জন মারা গেছে বা নিখোঁজ হয়েছে।

সূত্র : ডেইলি পাকিস্তান

spot_img
spot_img
spot_img

সর্বশেষ