spot_img
spot_img

ভোট কাটার জন্য যাদের টাকা আর মাস্তান আছে, তারাই দ্রুত নির্বাচন চায় : গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘আমরাতো ভোট কাটতে পারবো না। আমাদের টাকাও নাই, মাস্তানও নাই। যাদের টাকা এবং মাস্তান আছে তারা দ্রুত নির্বাচন চাচ্ছে ভোট কাটার জন্য। যারা ভোট কাটতে পারবে তারা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে।’

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বরগুনার টাউনহল মাঠে বরগুনা জেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, আমরা নির্বাচন চাই। সংস্কার করতে যতদিন সময় প্রয়োজন আমরা ততদিন সময় দিতে প্রস্তুত। কিন্তু আমরা একটি নিরপেক্ষ নির্বাচন চাই।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ভেবেছিল যতদিন শেখ হাসিনা বেঁচে থাকবে, ততদিন কাউকে ক্ষমতায় আসতে দেবে না। ৫ আগস্ট ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, বাংলাদেশ বিজয়ী হয়েছে। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ সরকারের মতো নিষ্ঠুর শাসককে আর রাজনীতিতে সুযোগ দিতে পারে না। আওয়ামী লীগের সাথে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। তাদের রাজনীতি করার অধিকার নেই।’

এ সময় ইসলামী দলগুলোকে ঐক্য গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় যেতে চায় না। আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই। এজন্য ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সেখানে মাতব্বরি করবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ