spot_img

আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গযব লিল-হক’ শুরু করেছে পাকিস্তান

পাক-আফগান সীমান্তে আফগান বাহিনীর অবস্থানগুলো লক্ষ্য করে পাকিস্তান সেনাবাহিনী ‘অপারেশন গযব লিল-হক’ নামে একটি সামরিক অভিযান শুরু করেছে। পাকিস্তানের দাবি, তারা আফগান তালেবানের ‘বিনা উসকানিমূলক’ কর্মকাণ্ডের জবাবে বেছে বেছে এসব হামলা চালাচ্ছে।

পাকিস্তান দাবি করেছে যে, তাদের নিরাপত্তা বাহিনীর জোরালো হামলায় আফগান তালেবানের আস্তানাগুলো ধ্বংস হয়ে গেছে এবং তারা পিছু হটতে বাধ্য হয়েছে। চিত্রল সেক্টরে আফগান বাহিনীর একটি চেকপোস্ট পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে তারা। পাকিস্তানের ভাষ্যমতে, এর আগে আফগান বাহিনী পাক-আফগান সীমান্তের বিভিন্ন স্থানে গোলাগুলি চালিয়েছিল, যার জবাবেই এই অভিযান।

পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে, তারা বাজাউরের নাওয়াগাই সেক্টর এবং খাইবার জেলার তিরাহতে জোরদার জবাব দিয়েছে। এছাড়া মোহমান্দ জেলা ও চিত্রলের আরন্দু সেক্টরেও কড়া হামলার কথা জানিয়েছে পাকিস্তানি বাহিনী। তাদের দাবি অনুযায়ী, বাজাউরে আফগান বাহিনীর দুটি চৌকি ধ্বংস করা হয়েছে এবং এই সংঘাতে আফগান তালেবান রেজিমের অন্তত ২২ জন সদস্য নিহত হওয়ার ‘নিশ্চিত তথ্য’ তাদের কাছে রয়েছে।

পাকিস্তানি নিরাপত্তা সূত্রের দাবি, তাদের চেকপোস্টগুলোতে হামলার উদ্দেশ্যে পাঠানো আফগান বাহিনীর সবগুলো কোয়াডকপ্টার সময়োচিত পদক্ষেপে তারা ভূপাতিত করেছে। পাকিস্তান আরও জানিয়েছে, তাদের তরফ থেকে ছোট ও ভারী অস্ত্র দিয়ে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে এবং অত্যাধুনিক ড্রোনের সাহায্যে বেছে বেছে আফগান পোস্টগুলোতে আঘাত হানা হচ্ছে।

যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় এবং ‘আগ্রাসনের’ তাৎক্ষণিক জবাব দিতে পুরোপুরি প্রস্তুত থাকার কথা জানিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। পাকিস্তান দাবি করছে, আফগান তালেবানের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় কেবল মিথ্যা দাবি ও ভুয়া ভিডিও ছড়ানো হচ্ছে।

সূত্র : জিও নিউজ ও এআরওয়াই নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ