spot_img
spot_img

পাকিস্তানের ৫৫ সেনাকে হত্যার দাবি আফগান বাহিনীর

আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের বিমান হামলার জেরে এবার পাল্টা কড়া জবাব দিয়েছে আফগান বাহিনী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতের এই অতর্কিত হামলায় অন্তত ১৫টি পাকিস্তানি সেনা চৌকি দখল এবং ৫৫ জন সেনাকে হত্যার দাবি করেছে কাবুল। এছাড়া বেশ কয়েকজন পাকিস্তানি সেনাকে জীবিত আটকের কথাও জানানো হয়েছে।

আফগান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত নিহতের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত পাকিস্তানের সামরিক বাহিনীর ৫৫ জন সেনা নিহত হয়েছে।

এর পাশাপাশি, তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, তীব্র এই সংঘর্ষে আফগান বাহিনী পাকিস্তানি সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। তাদের বহু সেনা নিহত হওয়ার পাশাপাশি বেশ কিছু সেনাকে জীবিত আটক করা হয়েছে।

আফগান সামরিক বাহিনীর পূর্বাঞ্চলীয় কোরের মিডিয়া অফিস জানিয়েছে, গত রোববার নানগারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলার জবাবেই ডুরান্ড লাইন বরাবর এই পাল্টা সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে আফগানিস্তানের এই দাবির বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো সেনা আটক বা চৌকি হারানোর কথা স্বীকার করা হয়নি। উল্টো পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় দাবি করেছে, খাইবার পাখতুনখাওয়া সীমান্তে আফগান বাহিনীর হামলার কড়া ও কার্যকর জবাব দিয়েছে তাদের নিরাপত্তা বাহিনী। এতে আফগান পক্ষেরও ব্যাপক সামরিক সরঞ্জাম ধ্বংস ও প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে ইসলামাবাদ।

সূত্র: তোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ