রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমতায় থাকতে পারেন না বলে মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।
শনিবার (২৬ মার্চ) পোল্যান্ডের ওয়ারশতে এই মন্তব্য করেন তিনি।
যদিও হোয়াইট হাউস পরে জানিয়েছে যে, প্রেসিডেন্ট বাইডেন মস্কোতে শাসন পরিবর্তনের আহ্বান জানাচ্ছেন না।
রোববার (২৭ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার পোল্যান্ডের রাজধানীতে দেওয়া বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ঈশ্বরের জন্য, এই লোকটি (ভ্লাদিমির পুতিন রাশিয়ার) ক্ষমতায় থাকতে পারেন না। বক্তৃতার একেবারে শেষের দিকে করা এই মন্তব্যটিই ইউরোপে বাইডেনের চার দিনের সফরের ক্যাপস্টোন হয়ে উঠেছে।
তিনি বলেন, এই যুদ্ধে আমাদের পরিষ্কার লক্ষ্য রাখতে হবে। এই যুদ্ধটি কয়েকদিনে বা কয়েক মাসেও জয়ী হওয়া যাবে না। এই লড়াইয়ে দীর্ঘ পথ চলার জন্য আমাদের অবশ্যই এখন প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।











