ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রশাসনের অধীনে আফগানিস্তান ৪৭ বছরের মধ্যে প্রথমবারের মতো নিরাপত্তা, ঐক্যবদ্ধ শাসনব্যবস্থা, ভ্রাতৃত্ব ও অগ্রগতি অর্জন করেছে বলে মন্তব্য করেছেন কমিশন ফর কনট্যাক্ট উইথ আফগান পারসোনালিটিজের প্রধান শাইখুল হাদীস মাওলানা শাহাবুদ্দিন দিলাওয়ার।
তিনি বলেন, গত চার দশকে আফগানিস্তানে কোনো ঐক্যবদ্ধ শাসনব্যবস্থা ছিল না। তবে ইমারাতে ইসলামিয়া ফিরে আসার পর সেই সমস্যার সমাধান হয়েছে।
শনিবার (২৭ জুন) কাবুলে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
শুক্রবার অনুষ্ঠিত আশুরা স্মরণানুষ্ঠানের প্রসঙ্গ তুলে দেলাওয়ার বলেন, পূর্ণ নিরাপত্তার মধ্য দিয়ে দেশজুড়ে শান্তিপূর্ণভাবে আশুরা পালন করা হয়েছে।
এ সময় নির্বাসিত আফগান রাজনীতিবিদদের দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আফগানদের সেবা করা এবং দেশে ফিরে আসা ব্যক্তিত্বদের উদ্বেগ-উৎকণ্ঠা দূর করার জন্যই এই কমিশন গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশে ফিরে আসা ব্যক্তিদের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো আইনি বিরোধ শুধু এই কমিশনের মাধ্যমেই সমাধান করা হবে।
দেলাওয়ার বলেন, ক্ষমতায় ফিরে আসার পর থেকে ইমারাতে ইসলামিয়া চিকিৎসাকেন্দ্র সম্প্রসারণ করেছে এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করেছে। তার দাবি, এসব উদ্যোগের ফলে আফগানিস্তানে মাদকাসক্তি উল্লেখযোগ্যভাবে কমেছে।
আন্তর্জাতিক বৈধতা ও স্বীকৃতির প্রসঙ্গে তিনি বলেন, আমেরিকা কেন ইমারাতে ইসলামিয়াকে স্বীকৃতি দেয়নি, তা তিনি বোঝেন। তার মতে, ওয়াশিংটন আফগানিস্তানে এমন এক পরাজয়ের মুখে পড়েছে, যা তারা সহজে উপেক্ষা করতে পারে না।
মাওলানা শাহাবুদ্দিন দিলাওয়ার বলেন, “তারা এমন এক বড় পরাজয়ের শিকার হয়েছে, যা তারা ভুলতে পারে না। যদি তারা আমাদের স্বীকৃতি দেয়, তাহলে তাদের নিজ জনগণের প্রশ্নের মুখে পড়তে হবে।”
সূত্র: আরিয়ানা নিউজ











