তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, বিগত ১২ বছরে দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকার নিরলসভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন। যার ফলাফল, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুকন্যা ব্যতীত বাংলাদেশের উন্নয়ন ও অর্জনের কোনও ইতিহাস নেই।
রবিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগ, ক্যুইবেক শাখা আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন ।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশ নয়, সমগ্র পৃথিবী নিয়ে ভাবতেন। তাই, তার রাজনৈতিক দর্শনও সারা পৃথিবীতে স্বীকৃত। তরুণ প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুকে জানাতে উদ্যোগ নিতে হবে আপনাকে আমাকে সকলকেই।
তিনি বলেন, মানুষকে হত্যা করা যায়। কিন্তু তার দর্শন, নীতি ও আদর্শকে হত্যা করা যায় না। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুকে হত্যা করে। কিন্তু তারা হত্যা করতে পারেনি তার দর্শন, নীতি ও আদর্শকে। তার আদর্শই আজ আমাদের পথ চলার পাথেয়।











