ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জনস্বাস্থ্যমন্ত্রী মাওলানা নূর জালাল জালালি দেশটির স্বাস্থ্য খাতে ভারতের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) কাবুলে ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্স যতীন প্যাটেলের সঙ্গে বৈঠকে দুই দেশের স্বাস্থ্যসেবা জোরদার ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন মাওলানা নূর জালাল জালালি।
আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের (এমওপিএইচ) এক বিবৃতিতে বলা হয়েছে, স্বাস্থ্য খাতে ভারতের অব্যাহত সহযোগিতার জন্য যতীন প্যাটেলকে ধন্যবাদ জানান জনস্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে ইন্দিরা গান্ধী শিশু হাসপাতালে ভারতের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
মাওলানা নূর জালালি ক্যানসার হাসপাতালের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ, স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বৃদ্ধি এবং ইন্দিরা গান্ধী হাসপাতালে থ্যালাসেমিয়া বিভাগ চালু করতে জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সহযোগিতা করার জন্য ভারতের প্রতি আহ্বান জানান।
এদিকে ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্স যতীন প্যাটেল আফগানিস্তানের স্বাস্থ্য খাতে ভারতের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
বিবৃতিতে বলা হয়, প্যাটেল ইন্দিরা গান্ধী হাসপাতালে সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি থ্যালাসেমিয়া বিভাগকে প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে সজ্জিত করা, কেমোথেরাপির ওষুধ এবং রেডিওথেরাপি মেশিন সরবরাহের আশ্বাস দেন।
এ ছাড়া স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বৃদ্ধিতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্স। তিনি বলেন, আফগানিস্তানের জনগণের জন্য স্বাস্থ্য খাতে আরও বেশি ও উন্নত সহযোগিতা দেওয়ার চেষ্টা করবে ভারত।
সূত্র : পাজওয়াক আফগান নিউজ











