অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল ও ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে চার দিনের যুদ্ধবিরতি শেষ হচ্ছে আজ (সোমবার)। তবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে হামাস।
রবিবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে হামাস এ বিষয়টি জানিয়েছে বলে নিশ্চিত করেছে প্যালেস্টানিয়ান ইনফরমেশন সেন্টার।
বিবৃতিতে বলা হয়েছে, “যদি ইসরাইলের পক্ষ থেকে আরো বেশি ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়ার গুরুতর প্রচেষ্টা চালানো হয় তাহলে আমরা ৪ দিনের যুদ্ধ বিরতির মেয়াদ বাড়ানোর চেষ্টা করব।”
‘বন্দী বিনিময় চুক্তির’ পরিপ্রেক্ষিতে যুদ্ধ বিরতির মেয়াদ বাড়ানোর বিষয়টির গুরুত্ব রয়েছে বলে আরো নিশ্চিত করেছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খলিল আল হাইয়া।
তিনি বলেন, “দখলদার ইসরাইলের কাছ থেকে আরো বেশি ফিলিস্তিনি বন্দিদের মুক্তির সম্ভাবনা রয়েছে বলে নিশ্চয়তা পেলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলব আমরা। কারণ আরো বেশি ফিলিস্তিনি কারা-বন্দীদের মুক্তি নিশ্চিত করতে চাই আমরা।”
তিনি আরো জানান, ইসরাইলি কারাগারে থাকা ফিলিস্তিনি নারী ও শিশুদের আদৌও মুক্তি দেওয়া হবে কিনা সে বিষয়ে প্রথম দিন থেকেই উদ্বিগ্ন ছিলেন হামাস কর্মকর্তারা।
প্রসঙ্গত, গাজ্জায় ৪৮ দিনের চলমান যুদ্ধের পর গত শুক্রবার থেকে কার্যকর হয় চার দিনের যুদ্ধ বিরতি চুক্তি। এ চুক্তি অনুযায়ী, ইসরাইলি কারাগারে থাকা ১৫০ জন ফিলিস্তিনিকে মুক্তি ও হামাসের হাতে থাকা বন্দীদের মধ্য থেকে ৫০ জনকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে। ইতিমধ্যে তিন দফায় ১১৭ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে দখলদার ইসরাইল। অন্যদিকে, প্রায় ৪০ জন ইসরাইলি বন্দী ও বিদেশী নাগরিককে মুক্তি দিয়েছে হামাস।
সূত্র: প্রেস টিভি











