spot_img
spot_img

গোপালগঞ্জে বাসচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

গোপালগঞ্জে বাসচাপায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। ওই শিক্ষার্থীর নাম রিয়াজুল ইসলাম শুভ (২২)। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বগুড়া জেলার কাহালু উপজেলার শামছুল ইসলামের ছেলে তিনি। এ দুর্ঘটনায় আরও দুই শিক্ষার্থীসহ মোট তিনজন আহত হয়েছেন।

সোমবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম।

তিনি জানান, একটি ভ্যানে করে নিহত শিক্ষার্থী রিয়াজুলসহ তিন শিক্ষার্থী ঘোনাপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উঠে গেলে খুলনাগামী দোলা পরিবহনের একটি বাস ভ্যানটিকে চাপা দিলে ওই শিক্ষার্থীসহ চারজন আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার রিয়াজুল ইসলাম শুভকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ