spot_img
spot_img

এই সরকার ব্যর্থ হলে অমানিশা নেমে আসবে : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর একের পর এক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। নানামুখী আন্দোলন-সংগ্রাম ও নাশকতার মাধ্যমে সরকারের পথযাত্রাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। এই নাশকতাকারীরা কোনোভাবেই দেশপ্রেমিক হতে পারে না। এই সরকার ব্যর্থ হলে অমানিশা নেমে আসবে। তিনি দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান।

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে চট্টগ্রামের লালখান বাজারে জামেয়াতুল উলুম মাদ্রাসা মাঠে মরহুম ড. জামাল নজরুল ইসলামের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ৫ মাস অতিক্রান্ত হয়েছে। এই সময়ে প্রতিমাসেই কোনো না কোনো নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়েছে। এসময়ে সচিবালয় ঘেরাও করা হয়েছে। সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানোর ও পাহাড়ি-বাঙালি সংঘাত উসকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এমনকি প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। কিন্তু সরকার এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে যাচ্ছে। এ সরকারের ব্যর্থ হওয়ার কোনো আশঙ্কা নেই।

নাশকতাকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ধর্ম উপদেষ্টা বলেন, নাশকতাকারীদেরকে কোনো ছাড় দেয়া হবে না। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জামেয়াতুল উলুম লালখান বাজার মাদরাসার প্রতিষ্ঠাতা মহাপরিচালক মুফতি মুহাম্মদ ইজহারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডা. শাহাদত হোসাইন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইরান দূতাবাসের কালচারাল কাউন্সিলর সৈয়দ রেজা মীর মোহাম্মদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ ইয়াহিয়া আখতার প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ