ছাত্র জমিয়ত বাংলাদেশ-এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ১০ টায় রাজধানীর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে কেন্দ্রীয় ছাত্র জমিয়তের আয়োজনে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় ছাত্র জমিয়ত বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি এখলাছুর রহমান বলেন, দেশের মানুষ তাদের মৌলিক অধিকারসমূহ থেকে বঞ্চিত হচ্ছে প্রতিনিয়তই। বাকস্বাধীনতা, ভোটের অধিকার আজ বিলুপ্তপ্রায়। তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে দেশের আপামর জনসাধারণের। একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন দল রাষ্ট্রক্ষমতায় চেপে বসেছে৷
তিনি বলেন, সাম্রাজ্যবাদীদের আগ্রাসনে প্রতিনিয়তই হুমকির মুখে পতিত হচ্ছে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব। আধিপত্যবাদের বিরুদ্ধে যারাই সরব হচ্ছেন তাদেরকেই শিকার হতে হচ্ছে মামলা-হামলা কিংবা গুম-খুনের। কারা প্রকোষ্ঠে মুক্তির প্রহর গুনছেন জাতির শ্রেষ্ঠ সন্তান অসংখ্য আলেমে দ্বীন।
তিনি আরও বলেন, দলীয় লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির জাতাঁকলে পিষ্ট হচ্ছে দেশের ছাত্রসমাজ। ক্যাম্পাসে ক্যাম্পাসে দেশপ্রেমিক সাধারণ ছাত্রদের উপর অকারণে হামলা-মামলা চলছেই৷ এই ক্রান্তিকাল কাটিয়ে উঠে জাতির কাঙ্খিত প্রত্যাশার প্রতিফলন ঘটাতে ছাত্রসমাজকেই এগিয়ে আসতে হবে৷ দেশ ও জাতির এ কঠিন মূহুর্তে ছাত্র সমাজকে গৌরবময় অতীতের ন্যায় জেগে উঠতে হবে।
ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুযাইফা ইবনে ওমর ও সহ-সাধারণ সম্পাদক রেদওয়ান মাজহারির যৌথ সঞ্চালনায় আলোচনাসভায় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, দফতর সম্পাদক মাওলানা আবদুল গাফফার।
এতে আরো উপস্থিত ছিলেন যুব জমিয়ত বাংলাদেশের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহিল বাকী, সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন নগরী, ছাত্র জমিয়তের সাবেক সহ-সভাপতি বোরহান উদ্দিন, চৌধুরী নাসির আহমদ প্রমুখ।










