কয়েক দিন যুদ্ধের পর রাশিয়া ও ইউক্রেন আলোচনা শুরু করেছে। ইউক্রেন-বেলারাশ সীমান্তে এই আলোচনা হচ্ছে। ইউক্রেনের স্থানীয় সময় দুপুর ১টায় এ আলোচনা শুরু হয়।
ইউক্রেন জানিয়েছে, আলোচনায় তাদের লক্ষ্য অবিলম্বে যুদ্ধবিরতি এবং ইউক্রেন থেকে সকল রুশ সৈন্য প্রত্যাহার।
ইউক্রেন থেকে বিবিসি প্রতিনিধি বলছেন, ইউক্রেনীয় কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে তাদের প্রতিনিধিদল রাশিয়ার প্রতিনিধি দলের সাথে আলোচনা করতে ইউক্রেন-বেলারুশ সীমান্তে পৌঁছেছে।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসাই রেজনিকভ ও প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক ইউক্রেনীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
অপরদিকে রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি ও পার্লামেন্ট সদস্য লিউনিদ স্লাতস্কি রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, তিনি এই আলোচনা থেকে কোন অগ্রগতি আশা করেন না।
তবে একইসাথে তিনি বলেন খুব ছোট হলেও তাদের এই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করা উচিৎ যাতে কেউ ইউক্রেনকে যুদ্ধ বন্ধ করার চেষ্টা না করার জন্য দোষ দিতে না পারে।
সূত্র : আলজাজিরা ও বিবিসি











