আসন্ন রমজান মাসে রাজধানীর যানজট কমাতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম চালাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ স্কাউট, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এবং বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে থাকবেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে গুলশান নগর ভবনে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে এ সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘শিক্ষার্থীরা এর আগেও ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় সহায়তা করেছে। রমজান মাসে জনদুর্ভোগ কমাতে তাদের অংশগ্রহণ আরও গুরুত্বপূর্ণ হবে। ট্রাফিক বিভাগের নির্দেশনায় তারা সড়কে শৃঙ্খলা রক্ষা ও যানজট কমাতে সহায়তা করবে।’
বৈঠকে আরও উপস্থিত ছিলেন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যাডমিন, প্ল্যানিং অ্যান্ড রিসার্চ) মোহাম্মদ এনামুল হক, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) সুফিয়ান আহমেদ, বাংলাদেশ স্কাউটের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, ডিএনসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহাবুব আলম এবং নির্বাহী প্রকৌশলী (ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেল) নাঈম রায়হান খান।











