spot_img

ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদ আমরা সহ্য করব না : পরিকল্পনা প্রতিমন্ত্রী সাকি

বাংলাদেশে একটি উগ্র দক্ষিণপন্থা মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, একদিকে যেমন জাতিবাদী ফ্যাসিবাদের মোকাবিলা করা হয়েছে, তেমনি ধর্মের নাম ব্যবহার করে কোনো ফ্যাসিবাদও সহ্য করা হবে না। বিএনপির নেতৃত্বে গড়ে ওঠা ঐক্য অটুট থাকলে একটি গণতান্ত্রিক, সার্বভৌম, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি এসব কথা বলেন।

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য জোনায়েদ সাকিকে সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা বিএনপি।

জোনায়েদ সাকি বলেন, “একদিকে যেমন জাতিবাদী ফ্যাসিবাদ আমরা মোকাবেলা করেছি, আজকে ধর্মের কোনো নাম নিয়ে কোনো ফ্যাসিবাদও আমরা সহ্য করব না। যদি সেটা আমাদের করতে হয়, বিএনপির নেতৃত্বে আমাদের যে ঐক্য, সেই ঐক্য বজায় রাখতে হবে সারাদেশে। সেই ঐক্য বজায় থাকলে, বাংলাদেশ যে একটা গণতান্ত্রিক, সার্বভৌম বাংলাদেশ, সকলের ন্যায্য হিস্যা পাওয়ার বাংলাদেশ; ন্যায় বিচারের বাংলাদেশ হিসেবে আমরা তৈরি করতে পারব।”

তিনি আরও বলেন, “আমরা কীভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি, কীভাবে এমন একটা রাজনৈতিক নেতৃত্ব তৈরি করতে পারি, যারা জনগণের কাছে এমন শক্তি নিয়ে হাজির থাকবে যে, কোনো অপশক্তি আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।”

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপির নেতৃত্বে যুগপৎ জোট সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহণের পর থেকেই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছেন। তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ১০ হাজার টাকা সুদসহ কৃষি ঋণ মওকুফ, ইমামসহ অন্যান্য ধর্মালম্বীদের পুরোহিতদের জন্য ভাতার ব্যবস্থা, এসব কাজের প্রতিটিতেই সরকার দ্রুত অগ্রসর হচ্ছে এবং পাইলট আকারে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন শুরু হচ্ছে।

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ