spot_img
spot_img

বাংলাদেশে জঙ্গিবাদকে রাজনৈতিক ন্যারেটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে: ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ে দুটি চরম অবস্থান দেখা যায়। একসময় বিষয়টিকে অতিরঞ্জিত করে রাজনৈতিক ন্যারেটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, আবার কেউ কেউ একেবারে অস্বীকারও করছেন। এই দুই অবস্থানই বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। বাস্তবতা হচ্ছে একটি পর্যায়ে জঙ্গিবাদ ছিল, এখনও কিছু প্রবণতা রয়েছে। আমরা এটিকে মোকাবিলা করতে চাই।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

দেশে জঙ্গিবাদ আছে কি না, সম্ভাব্য নাশকতা এবং সরকারের গোয়েন্দা তথ্য নিয়ে এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, এ ধরনের তথ্য অত্যন্ত সংবেদনশীল হওয়ায় সবকিছু প্রকাশ করা সম্ভব নয়। তবে সরকার পরিস্থিতি সম্পর্কে অবগত এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করছে। সরকারের কাছে তথ্য আছে, কিন্তু সেটা প্রকাশযোগ্য নয়। এটুকু বলা যায় একটি ঝুঁকি রয়েছে, তবে তা আতঙ্কিত হওয়ার মতো নয়।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় কিছু উগ্রপন্থি গোষ্ঠীর সংগঠিত হওয়ার প্রবণতা বেড়েছিল, যার কিছু প্রভাব এখনও রয়ে গেছে। তবে বর্তমান সরকার এ ধরনের তৎপরতা কঠোরভাবে নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরও বলেন, এই ঝুঁকি এমন নয় যে আতঙ্কিত হতে হবে, কিন্তু সমস্যাকে অস্বীকার করলে সমাধান সম্ভব নয়। আমরা এটিকে শূন্যের কাছাকাছি নামিয়ে আনতে চাই।

জঙ্গি মামলার আসামিদের জামিন ডা. জাহেদ বলেন, জামিন মানে অপরাধ থেকে অব্যাহতি নয়। যদি কেউ পুনরায় একই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, সরকার তাদের জামিন বাতিলের জন্য জোরালোভাবে আপিল করব।

তিনি বলেন, জঙ্গিবাদকে শূন্যের কোঠায় নামিয়ে আনা আমাদের লক্ষ্য। এটি কতটা সম্ভব হবে জানি না, তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা বলেন, আমরা ‘জঙ্গি’ শব্দ ব্যবহারে সতর্ক থাকতে চাই। কাউকে আদালতের রায়ে দোষী সাব্যস্ত হওয়ার আগে ‘জঙ্গি’ আখ্যা দেওয়াও ঠিক নয়। এ ধরনের সাধারণীকরণ অতীতে অপব্যবহারের সুযোগ তৈরি করেছিল। তবে উগ্রবাদী প্রবণতা যে রয়েছে, তা আমরা স্বীকার করি এবং তা নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে।

উপদেষ্টা দাবি করেন, বর্তমান সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে এবং অতীতের মতো কোনো ধরনের শিথিলতা নেই। যে কোনো অপরাধের তদন্ত, দোষীদের শনাক্ত ও শাস্তি নিশ্চিত করা এসবই জঙ্গিবাদ মোকাবিলার অংশ।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সমাজের একটি ছোট অংশ উগ্র মতাদর্শে প্রভাবিত হয়ে ভিন্ন ধরনের রাষ্ট্রব্যবস্থার স্বপ্ন দেখেছিল। কখনও কখনও সক্রিয় হওয়ার চেষ্টা করেছে। তবে দেশ শেষ পর্যন্ত উদার গণতান্ত্রিক পথেই এগিয়েছে। সরকার এই প্রবণতাকে নিয়ন্ত্রণে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ