spot_img
spot_img

শরীয়াহর আনুগত্যের প্রতিজ্ঞায় উদ্ভাসিত হোক ঈদুল আজহা: চরমোনাই পীর

শরীয়াহর প্রতি পূর্ণ আনুগত্যের প্রতিজ্ঞায় পবিত্র ঈদুল আজহা উদ্ভাসিত হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

বুধবার (২৭ মে) এক বিবৃতিতে দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে তিনি এ আহ্বান জানান।

চরমোনাই পীর বলেন, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পুত্রকে কোরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। ঈদুল আজহার মূল বার্তা হলো মহান আল্লাহর নির্দেশনার সামনে নিজের সবকিছু কোরবানি করা, উৎসর্গ করা বা ত্যাগ করা।

তিনি বলেন, আমাদের জীবনযাপনের ক্ষেত্রে মহান আল্লাহর ইচ্ছা শরীয়াহ আকারে হাজির আছে। নিজের বুঝ, স্বার্থ ও চিন্তাকে কোরবানি দিয়ে এই শরীয়াহর প্রতি পূর্ণ আনুগত্যের প্রতিজ্ঞাই হবে ঈদুল আজহার সার্থকতা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, ঈদে ঘরমুখো এবং ঢাকা ফেরত মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকারের প্রচেষ্টাকে আরও নিবিড় করতে হবে। ঢাকাসহ দেশের সর্বত্র নিরাপত্তায় মনোযোগী হতে হবে।

তিনি আরও বলেন, যারা কোরবানি দিচ্ছেন, তারা গরিব এবং কোরবানি দিতে না পারা আত্মীয় ও প্রতিবেশীদের প্রতি বিশেষ নজর রাখবেন। ঈদ একটি ইবাদত। এই ইবাদতের দিনে কোনো গুনাহের কাজ যাতে না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

প্রশাসন, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়ে চরমোনাই পীর বলেন, সবাই ঈদ উদযাপনে ব্যস্ত, কিন্তু আপনারা মানুষের নিরাপত্তা রক্ষায় কাজ করছেন। আপনাদের এই পরিশ্রমের প্রতি জাতির শ্রদ্ধা রইল।

তিনি বলেন, আল্লাহ সকলের কোরবানি কবুল করুন। সকলকে নিরাপদে রাখুন, এই প্রত্যাশা ও কামনা করছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ