নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশে রিজার্ভ নেই। সেটি হাসপাতালের রোগীরাও জানে। দেশে বর্তমানে রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার, যা সরকার স্বীকার করছে না। প্রধানমন্ত্রী আপনি রিজার্ভ চিবিয়ে খান না, মানুষকে জ্বালিয়ে খাচ্ছেন। রিজার্ভের টাকা আপনারা বিভিন্নভাবে নিজেদের জন্য খরচ করেছেন।
শুক্রবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মুহাম্মদ আকরাম খা মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার চাল ডাল গমের আমদানি বন্ধ করে দিয়েছে। প্রধানমন্ত্রী দুর্ভিক্ষ হওয়ার কথা বলেছেন। এটি সত্যি। কারণ তিনি জানেন অর্থনীতির অবস্থা।
সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, আওয়ামী লীগের মতো দুঃশাসন গত ৫০ বছরে বাংলাদেশ দেখেনি। তারা শুধু লগি বৈঠা দিয়েই মানুষ মারে না। আরও কতভাবে মানুষ মারে তার সব হিসাব আমাদের কাছে আসে না। আমি বলব, বাবা এবার তোরা যা। তোরা গেলেই আমরা বাঁচি। প্রধানমন্ত্রী এত ক্ষমতা পান কীভাবে। দেশে আজ শেখ হাসিনার কথায় সব থেমে যায়। অর্থনীতি-রাজনীতি যাই বলেন না কেন।
মান্না বলেন, বিএনপির সমাবেশে মানুষের জোয়ার দেখে আওয়ামী লীগ সমাবেশ করার কথা বলছে। আওয়ামী লীগ এক-দুইটা সমাবেশ করলেই তাদের মন খারাপ হয়ে যাবে। কারণ মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে জেগেছে। আওয়ামী লীগকে ছেড়ে দিয়েছে। সময় এসেছে, মানুষ বিদ্রোহ করেছে। লঞ্চ বাস বন্ধ করে কোনো লাভ হবে না। আমি বিএনপি করি না। কিন্তু আমি শেখ হাসিনার পতন চাই। এই সরকারের পতনের ঘণ্টা বেজে গেছে। আওয়ামী লীগের পতন শুধু দিনের ব্যাপার। এমন অবস্থা আসবে যখন পতনের দিন গুনতে থাকবে মানুষ।
বিএনপির সমাবেশ নিয়ে তিনি বলেন, ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশে কত মানুষ হবে তা জানি না। কিন্তু বিএনপি নেতারা সমাবেশে কি বলবে? বলবে আমরা আর এখান থেকে যাব না তুই যা? কি বলবে তা আগেই ঠিক করে নিতে হবে। বিএনপি ক্ষমতায় গিয়ে মানুষের জন্য কি করবে। তাই এখনই বলেন মানুষকে। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করতে হবে। এই সরকার বিদ্যমান সমস্যার সমাধান করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ তৈরি করবে। তত্ত্বাবধায়ক সরকার শুধু নির্বাচনের ক্ষমতা পাবে। কিন্তু অবস্থার পরিবর্তন করতে পারবে না।
মান্না আরও বলেন, রাজনীতি হওয়া উচিত সুকুমার বৃত্তি ও মহৎ পেশা হিসেবে। যদি তাই হয়, তাহলে রাজনীতিতে এত ঘৃণা-বিদ্বেষ কেন। আমাদের দেশে সন্ত্রাস আর হানাহানি বন্ধ না হলে দেশের মানুষ শান্তি পাবে না।










