spot_img
spot_img

জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কারো অবৈধ সাম্রাজ্য টিকানো পুলিশের দায়িত্ব নয়: হাসনাত

জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কারো অবৈধ সাম্রাজ্য টিকিয়ে রাখার দায়িত্ব পুলিশের নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, আইন ও বিধিবহির্ভূত কোনো পদক্ষেপ নিতে পুলিশ সদস্যরা বাধ্য নন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘পুলিশ ভাইদের প্রতি স্পষ্ট আহ্বান, আইন ও বিধিবহির্ভূত কোনো পদক্ষেপ নিতে আপনারা বাধ্য নন। কোনো উচ্চাভিলাষী, দুর্নীতিগ্রস্ত কিংবা রাজনৈতিক পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত সিনিয়র কর্মকর্তার বেআইনি আদেশ পালন করে তার ব্যক্তিগত স্বার্থ হাসিলের হাতিয়ার হবেন না। জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে, মানুষের মৌলিক অধিকার লঙ্ঘন করে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে অংশ নিতে আপনারা শপথ নেননি।

‘আপনাদের শপথ রাষ্ট্রের সংবিধান, আইন এবং জনগণের নিরাপত্তা রক্ষার জন্য। কোনো ব্যক্তির রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পূরণ করা কিংবা কোনো সিনিয়রের অবৈধ সাম্রাজ্য টিকানো ও রাজনৈতিক অভিলাষ পূরণ করা আপনাদের দায়িত্ব নয়।’

তিনি তৃণমূল ও মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, যারা নিজেদের শ্রম, মেধা ও পেশাদারত্ব দিয়ে পুলিশকে জনগণের কাছে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছেন, জননিরাপত্তা নিশ্চিত করছেন এবং ধ্বংসস্তূপ থেকে পুলিশ বাহিনীকে আবার দাঁড় করাতে পরিশ্রম করছেন, তাদের শ্রম ও ত্যাগ যেন কিছু উচ্চাভিলাষী নব্য বেনজীরের কারণে বৃথা না যায়।

হাসনাত আবদুল্লাহ বলেন, কয়েকজন কর্মকর্তার ক্ষমতালিপ্সা ও ব্যক্তিগত স্বার্থের কারণে পুরো পুলিশ বাহিনী যেন আবারও কলঙ্কিত না হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ