সরকার দলীয় অন্তর্কোন্দলে এখন পর্যন্ত কয়েকশ মানুষ নিহত ও আহত হয়েছেন এবং নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন দলীয়করণ করা হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, এমন পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে রাজবাড়ী পৌর মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম দাবি করেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার আমলে যা হয়েছে, বর্তমানেও সেসবই হচ্ছে। তিনি বলেন, ‘আমরা আরেকটা ফ্যাসিবাদ চাই না। তবে এই সরকারের ফ্যাসিবাদী সামর্থ্য নেই, কিন্তু এই সরকার কর্তৃত্ববাদের দিকে যাচ্ছে। জ্বালানি ও স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হলেও তাদের সরানো হচ্ছে না।’
তিনি আরও বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না। সংস্কার প্রস্তাবের কোনো প্রস্তাবনা এই সরকার বাস্তবায়ন করেনি। এ ছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার, মূল্যস্ফীতি, মাদক, গঙ্গা চুক্তিসহ নানা বিষয় নিয়েও কথা বলেন নাহিদ ইসলাম।
পরে তিনি রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।











