ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে ৬৬ দশমিক ২ শতাংশ ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ১২০ সদস্যের নেসেটে ৫৬টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে জোটটি পাঁচটি আসন পিছিয়ে রয়েছে।
দ্য টাইমস অব ইসরাইল কেন্দ্রীয় নির্বাচন কমিটির বরাত দিয়ে জানিয়েছে, গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৮টি আসন পেতে পারে। প্রধানত আরব দলগুলোর সমন্বয়ে গঠিত জোটগুলো ১৬টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে কোনো প্রধান জোটই ৬১টি আসনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছাতে পারবে বলে ধারণা করা হচ্ছে না।
প্রধানত আরব দলগুলোর সমন্বয়ে গঠিত জয়েন্ট লিস্ট ১২টি আসন পেতে পারে। ইউনাইটেড আরব লিস্ট (রাম) পেতে পারে চারটি আসন।
একক দলগুলোর মধ্যে নেতানিয়াহুর লিকুদ পার্টি ২৮টি আসন নিয়ে এগিয়ে থাকতে পারে। এরপর আইজেনকোটের ইয়াশার পার্টি ২১টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। টুগেদার জোট পেতে পারে ১১টি আসন।
দ্য ডেমোক্র্যাটস, ইউনাইটেড তোরাহ জুডাইজম এবং ইসরাইল বেইতিনু প্রত্যেকটি আটটি করে আসন পেতে পারে। শাস এবং ওতজমা ইয়েহুদিত প্রত্যেকটি সাতটি করে আসন পেতে পারে। রিলিজিয়াস জায়োনিজম পেতে পারে ছয়টি আসন।
তবে এসব ফলাফল এখনো প্রাথমিক। ভোট গণনা অব্যাহত থাকায় আসনসংখ্যায় পরিবর্তন আসতে পারে।
সূত্র : আনাদোলু এজেন্সি











