চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে নতুনকরে শনাক্ত হয়েছেন ১১ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৫৮৪ জনে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ২৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ১১ জনের দেহে শনাক্ত হয় করোনা। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় শূন্য দশমিক ৮৬ শতাংশ। শনাক্তদের মধ্যে আটজন নগরের এবং তিনজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে একজন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে তিনজন, অ্যান্টিজেন টেস্টে দুজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে দুজন, শেভরন হাসপাতাল ল্যাবে একজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে একজন এবং ইপিক হেলথকেয়ার ল্যাবে একজনের শরীরে করোনা শনাক্ত হয়।











