বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেনকে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রাশেদ খাঁন।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেছেন, গতরাত আনুমানিক রাত ১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকরাম হোসেনকে ৭-৮ জন সাদা পোশাকধারী তুলে নিয়ে গিয়েছে। আকরাম হোসেনের দুলাভাইয়ের ফ্লাইট ক্যানসেল হওয়ার খবর শুনে দুলাভাইকে এয়ারপোর্ট থেকে আনতে গিয়েছিলো আকরাম ও তার একজন বন্ধু।
তিনি বলেন, এয়ারপোর্টের দুই নম্বর টার্মিনালের ৫ নম্বর গেটে আকরাম ট্রলি হাতে হাঁটছিলো। এমন সময় সাদা পোশাকে ২ জন লোক এসে আকরামের পরিচয় জানতে চান। মুহূর্তেই সাদা পোশাকধারী আরো ৭/৮ জন লোক এসে আকরামের সঙ্গে কথা আছে বলে ওকে সাইডে নিয়ে মাইক্রো গাড়িতে তুলে নিয়ে যায়। এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায় নি। আমরা অতিসত্ত্বর সুস্থ-স্বাভাবিক অবস্থায় তাকে ফেরত চাই। এবং পবিত্র মাহে রমজানে এভাবে একজন শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ার তীব্র নিন্দা জানাই।
তিনি আরও বলেন, গত মাসের ২৫ তারিখ থেকে এখনো পর্যন্ত বিভিন্ন মামলায় বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের ৫৩ জন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। করোনা মহামারী ও পবিত্র মাহে রমজানে এভাবে গ্রেপ্তার অমানবিক ও নিন্দনীয়। সরকারকে ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার, আটককৃত সকলকে মুক্তি দেয়ার এবং নির্বিচারে গ্রেপ্তার বন্ধের আহ্বান জানাচ্ছি।











