সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছে বিএনপি।
আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেল তিনটায় সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ঢাকা রিপোর্টার্স ইউনিটি, জাতীয় প্রেস ক্লাব নেতাদের কাছে পৌঁছে দেন।
এ সময় ডা. রফিক বলেন, গত বছরের ৮ মার্চ থেকে দেশে করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে বিএনপি জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণ, হাসপাতালগুলোতে চিকিৎসকদের মাঝে পিপিই বিতরণসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে। এরই অংশ হিসেবে সম্মুখযোদ্ধা সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি এ কাজ করছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডিআরইউর সহ-সভাপতি ওসমান গনি বাবুল, সাংগঠনিক সম্পাদক মাইনুল আহসান সোহেল, অর্থ সম্পাদক শাহ আলম নুর, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য রফিক রাফি প্রমুখ।
এরপর জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খানের কাছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন ডা. রফিকুল ইসলাম। এছাড়াও এদিন বিএনপি বিটে কর্মরত সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়েছে বিএনপি।











