আফগানিস্তানে আলাদা দু’টি মিনিবাসে বোমা হামলায় নয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৩ জন।
বৃহস্পতিবার (২৮ শে এপ্রিল) দেশটির বালখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরীফে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, আলাদা জায়গায় কয়েক মিনিটের ব্যবধানে দুটি বিস্ফোরণ হয়। মিনিবাসের যাত্রীরা রোজা ছিলেন এবং ইফতারের জন্য বাড়ির দিকে যাচ্ছিলেন।
তিনি জানান, শিয়া যাত্রীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। হামলায় আরও ১৩ জন আহত হয়েছেন।
হামলার কয়েক ঘণ্টা পর দায়েশ এই ঘটনার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে এএফপি। এর সপ্তাহখানেক আগে মাজার-ই-শরীফে একটি শিয়া মসজিদে বোমা হামলায় ১২ জন নিহত হন। এই হামলারও দায় স্বীকার করেছিলো দায়েশ।











