দলবদল করে রুদ্রনীল ঘোষের বিজেপিতে যাওয়া নিয়ে তুমুল আলোচনা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। নির্বাচনেও হেরে যান। এবার ত্রাণ দিতে গিয়ে ‘চড় খাওয়া’র অভিযোগ আনলেন।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ভবানীপুর কেন্দ্রে বিপুল ভোটে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে হেরেছিলেন রুদ্রনীল ঘোষ। ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবের পর শুক্রবার সেই এলাকায় ত্রাণ নিয়ে যান তিনি। সেখানেই চড় খেলেন।
ঘটনায় হতচকিত হয়ে পুলিশের দ্বারস্থ হন অভিনেতা ও বিজেপি নেতা। কালীঘাট থানায় অভিযোগও দায়ের করেন।
এদিন বিজেপির কর্মী-সমর্থকদের নিয়ে ত্রাণ দিতে গেলে ক্ষোভের মুখে পড়ের রুদ্রনীল। তার মাঝেই আচমকা এসে একজন সপাটে চড় কষান অভিনেতাকে। চশমা খুলে সজোরে মাটিতে ছিটকে পড়ে।
এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতাকে দায়ী করেন রুদ্রনীল। সেখানকার ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূল নেতা বাবলু সিংয়ের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলেন বিজেপির তারকা নেতা। এরপরই কালীঘাট থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে আসেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।











