ইরান যুদ্ধ বন্ধে ইসলামাবাদের মধ্যস্থতা প্রচেষ্টার মধ্যেই এক দিনের সরকারি সফরে ওয়াশিংটন যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করবেন ইসহাক দার। বৈঠকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা এগিয়ে নিতে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টা নিয়ে আলোচনা হবে।
ইসহাক দার বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। সেখানে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কার্যক্রম ও অন্যান্য বৈঠকে অংশ নিয়েছেন। নিউইয়র্ক সফর শেষে তিনি ওয়াশিংটনের উদ্দেশে রওনা হবেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে দুই পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করবে। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাপ্রবাহ নিয়েও মতবিনিময় করবে।
আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রাধিকার খাতে সহযোগিতা জোরদার করা এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা এগিয়ে নিতে পাকিস্তানের প্রচেষ্টার বিষয়টিও গুরুত্ব পাবে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, আমেরিকার সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের ও বিস্তৃত অংশীদারত্ব আরও গভীর করার অঙ্গীকারের প্রতিফলন এই সফর।
নিউইয়র্কে যাওয়ার আগে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বেইজিং সফর করেন ইসহাক দার। ওই সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন।
ফেব্রুয়ারিতে আমেরিকা ও ইসরাইল ইরানের বিরুদ্ধে হামলা চালানোর পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায়।
এর জবাবে তেহরান ইসরাইলের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে আমেরিকার মিত্রদের লক্ষ্য করে হামলা চালায়। একই সঙ্গে হরমুজ প্রণালিও বন্ধ করে দেয়।
পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে পরে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা স্থায়ী কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি। এরপর ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেন।
এরপর থেকে সরাসরি আলোচনা পুনরায় শুরু করা এবং সংঘাতের অবসান ঘটানোর চেষ্টায় দুই পক্ষ প্রস্তাব ও পাল্টা প্রস্তাব বিনিময় অব্যাহত রেখেছে।
সূত্র : আনাদোলু এজেন্সি











