১৯৭১ সালের প্রসঙ্গ টেনে কিংবা নানা অপবাদ দিয়ে এখন আর জনগণকে বিভ্রান্ত করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
শুক্রবার (২৯ মে) দুপুরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা ছাত্রশিবির আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘ভালোবাসার বন্ধনে আমরা অতীত থেকে বর্তমান’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “১৯৭১ সালের প্রসঙ্গ টেনে কিংবা নানা অপবাদ দিয়ে এখন আর জনগণকে বিভ্রান্ত করা যাচ্ছে না। ‘গুপ্ত’ শব্দ ব্যবহার করেও জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেটিও মানুষ প্রত্যাখ্যান করেছে।”
তিনি বলেন, “আমরা যখন অন্যায়-অপকর্মের বিরুদ্ধে কথা বলি, তখন ১৯৭১ সালের প্রসঙ্গ টেনে আমাদের দমিয়ে রাখার চেষ্টা করা হয়। কিন্তু জনগণ এখন এসব অপপ্রচার গ্রহণ করে না।”
ক্ষমতার রাজনীতি নিয়ে সতর্ক করে ছাত্রশিবির সভাপতি বলেন, “ক্ষমতার মসনদ চিরস্থায়ী নয়। জনগণ আগে ফ্যাসিস্টদের প্রত্যাখ্যান করেছে, ভবিষ্যতেও নব্য ফ্যাসিস্টদের ব্যাপারে সতর্ক থাকবে।”
একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, “একটি রাজনৈতিক দল ক্ষমতার মোহে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও নানা অপকর্মে জড়িয়ে পড়েছে। নারী ও শিশু নির্যাতনের ঘটনাও উদ্বেগজনকভাবে বেড়েছে।”
নুরুল ইসলাম সাদ্দাম দাবি করেন, মে মাসের ২০ তারিখ পর্যন্ত ১১৮ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন। অনেক ক্ষেত্রে ধর্ষণের পর হত্যার ঘটনাও ঘটেছে।
রাজনৈতিক প্রসঙ্গ টেনে তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশপ্রেমিক নেতা ছিলেন। তবে তার আশপাশের লোকজনই তাকে হত্যা করেছে। প্রধানমন্ত্রীকেও আশপাশের ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে।”
শিক্ষাঙ্গনের পরিবেশ নিয়ে ছাত্রশিবির সভাপতি বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রশিবির কোনো কিছু চাপিয়ে দেয়নি। শিক্ষার্থীরা স্বাধীনভাবে চলাফেরা করছে এবং তারা ছাত্রশিবিরকে সমর্থন দিচ্ছে।”
নড়াইল জেলা ছাত্রশিবিরের সভাপতি এস এম সালাউদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি তাজ মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসূল, ছাত্রশিবির খুলনা মহানগরের সভাপতি রাকিব হোসেন, অধ্যক্ষ সাখাওয়াত হোসেন খান, জেলা জামায়াতের সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার, লোহাগড়া জামায়াতের আমির মাওলানা হাদিউজ্জামান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য খিয়াম উদ্দিন, ড. খান আব্দুস সোবহানসহ দলীয় নেতাকর্মীরা।











