কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর প্রথম সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাত গেছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের নতুন পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ।
মঙ্গলবার (২৯ জুন) থেকে শুরু হওয়া দুই দিনের এ সফরে তিনি আবুধাবি ও দুবাইতে ইসরাইলি কনস্যুলেট কার্যালয় উদ্বোধন করবেন।
আলজাজিরা জানিয়েছে, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর ইসরাইলের কোনো শীর্ষ কর্মকর্তার এটিই প্রথম আমিরাত সফর। অন্যদিকে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ইয়াইর লাপিদেরও প্রথম রাষ্ট্রীয় সফর এটি।
গত আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা এবং নতুন একটি বৃহত্তর সম্পর্ক গড়ে তুলতে চুক্তি করে সংযুক্ত আরব আমিরাত। ১৯৪৮ সালে ইসরাইলের স্বাধীনতার ঘোষণার পর ইসরাইল ও আরবের মধ্যে এটি তৃতীয় চুক্তি। এর আগে মিসর ১৯৭৯ সালে ও জর্ডান ১৯৯৪ সালে চুক্তি স্বাক্ষর করেছিল।
ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তির পর গত জানুয়ারিতে তেলআবিবে দূতাবাস প্রতিষ্ঠার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয় আমিরাতের মন্ত্রিসভা।
এ ছাড়া আবুধাবিতে দূতাবাস খুলে সেখানে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতও নিয়োগ দিয়েছে ইহুদিবাদী ইসরাইল।












