২০২১-২২ অর্থবছরের পেশকৃত বাজেটকে ‘মানুষের জীবন-জীবিকা রক্ষার বাজেট’ আখ্যায়িত করেছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, আমাদের দেশের মানুষের জীবন-জীবিকা রক্ষার বিষয়টিতে প্রাধান্য দিয়ে আগামী ২০২১-২২ অর্থবছরের যে বাজেট অর্থমন্ত্রী সংসদে পেশ করেছেন-আমি মনেকরি সেই বাজেট বাস্তবায়ন করতে আমরা সক্ষম হব। বাংলাদেশ আরও একধাপ সামনে এগিয়ে যাবে।
মঙ্গলবার (২৯ জুন) একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন (২০২১-২২ সালের বাজেট অধিবেশন) এর সমাপনী ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশবাসীর মাথাপিছু আয় এই করোনার মধ্যে বৃদ্ধি পেয়ে দুই হাজার ২২৭ মার্কিন ডলার হয়েছে যা অনেক দেশকে ছাড়িয়ে গেছে। এই ধারাটা আমাদের অব্যাহত রাখতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, এর ফলে বহি:বিশ্বে যেমন বাংলাদেশের ভাবমূর্তি বেড়েছে তেমনি জনগণের সম্মানও বৃদ্ধি পেয়েছে এবং সামাজিক সূচক সমূহে আমাদের শক্ত অবস্থান বিশ্বমহলে প্রশংসিত হয়েছে।
সূত্র: বাসস











