দখলকৃত ফিলিস্তিন জুড়ে চলমান সহিংসতা ও ক্রমবর্ধমান খারাপ পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উদ্বেগ প্রকাশ করেছে চীন।
সাম্প্রতিক সময়ে জেনিন শরণার্থী শিবিরে দখলদার ইসরাইলি আগ্রাসনের দিকে ইঙ্গিত করে চীনের শীর্ষ কূটনীতিক ঝাং জুন বলেন, “ফিলিস্তিনের দখলকৃত অঞ্চলজুড়ে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চলমান দমন পীড়নের বিরোধিতা করে চীন। এছাড়াও উত্তেজনা বৃদ্ধি করে এমন কোন কাজ থেকে সকল পক্ষকে ধৈর্য ও শান্ত থাকার আহ্বান জানাই আমরা।”
তিনি আরো বলেন, “আন্তর্জাতিক আইন অনুযায়ী দখলদার কর্তৃপক্ষের উচিত পুলিশ ও সামরিক বাহিনী কর্তৃক ফিলিস্তিনি জনগণের উপর অতিরিক্ত বল-প্রয়োগে না করা। পাশাপাশি দখলকৃত অঞ্চলের জনগণের অধিকার ও সম্পত্তির নিরাপত্তা প্রদান করা।”
তিনি বলেন, ফিলিস্তিন ও ইসরাইল একে অপরের প্রতিবেশী যাদের দূরে সরানো অসম্ভব। তাই ক্রমবর্ধমান সহিংসতা বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার পথ খোঁজা উচিত।
দ্বী-রাষ্ট্রীয় সমাধানের প্রতি সমর্থন ও তা বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, ” আমরা জেরুসালেমে অবস্থিত সকল ধর্মীয় পবিত্র স্থানগুলো রক্ষণাবেক্ষণ ও সেখানে স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখার আহ্বান জানাই। কারণ ধর্মীয় পবিত্র স্থানগুলো ধর্ম পালনকারীদের কোন ক্ষতি সাথে সম্পর্কিত একটি বিষয়।”
উল্লেখ্য; গত জুন মাসে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে বেইজিং এ আমন্ত্রণ জানান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় তিনি ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ ঐক্য প্রতিষ্ঠা ও ইসরাইলের সাথে শান্তিপূর্ণ আলোচনার প্রস্তাব দেন। যেখানে তিনি, ১৯৬৭ সালের নির্ধারিত সীমানার ভিত্তিতে পূর্ব জেরুসালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিও সমর্থন জানান।
সূত্র: মিডল ইস্ট মনিটর











