ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন ও লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা মাঙ্গুশের মধ্যেকার বৈঠকের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ।
ইসলামিক জিহাদ একটি বিবৃতিতে এ বৈঠকটিকে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা বলে উল্লেখ করে নিন্দা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “এটি মুসলিম উম্মাহের আদর্শগত দিক থেকে একটি বিপজ্জনক পশ্চাদপসরণ ও ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা যা আরব ও মুসলিম অঞ্চলসমূহের পরিচয়কে হুমকির মুখে ফেলবে।”
বিবৃতিতে আরো বলা হয়েছে, “আমরা বিশ্বাস করি লিবিয়ার জনগণ স্বাধীন, তারা ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিরোধিতা করে ও রাজনীতিবিদদের অন্যায় দাবির কাছে মাথা নত করে না। আশা করি, কঠিন রাজনৈতিক পরিস্থিতি বিদ্যমান থাকা সত্ত্বেও ফিলিস্তিনিদের পাশে থাকতে কোন ধরনের দ্বিধাবোধ করবে না তারা।”
ইতালিতে ইসরাইলী পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন ও তার লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা মাঙ্গুশের মধ্যকার বৈঠকটির পর ইসলামিক জিহাদের বিবৃতিটি এসেছে।
ইসরাইলী পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন এ বৈঠকটিকে, দুই দেশের সম্পর্ক স্থাপনের ঐতিহাসিক প্রথম ধাপ বলে বর্ণনা করেছেন।
উল্লেখ্য; এ ঘটনার পর লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেছে দেশটির জনগণ।
সূত্র: মিডিল ইস্ট ইন্ডিয়া











