আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মুহাম্মাদ মুহিবুল্লাহ ওরফে মাস্টার মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে কক্সবাজারের উখিয়ায় লাম্বাসিয়া রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র একদল সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এরপর তাকে উদ্ধার করে ক্যাম্পের একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৪ নম্বর ‘এপিবিএন’র পুলিশ সুপার নাইমুল হক জানান, রাত সাড়ে ৮টার দিকে উখিয়া কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ইস্ট-ওয়েস্ট ১ নম্বর ব্লকে তার অফিসে তাকে গুলি করে সন্ত্রাসীরা। খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ক্যাম্পের ‘এমএসএফ’ হাসপাতালে নিয়ে যায়। রাত সাড়ে ৯টার দিকে সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর পাঁচটি গুলি ছুড়ে। এতে মাস্টার মুহিবুল্লাহর শরীরে তিনটি গুলি লাগে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এপিবিএনের অধিনায়ক বলেন, ঘটনার খবর পেয়ে এপিবিএনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। পরে গুলিবিদ্ধ অবস্থায় মুহিবুল্লাহকে উদ্ধার করে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুহিবুল্লাহ মারা যান।












