spot_img
spot_img

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন করতেই হবে, এর কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন সংবিধান সংশোধন বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে এ সরকার কী প্রক্রিয়ায় গঠন করা হবে, এর কাঠামো, ক্ষমতা ও কার্যপরিধি কী হবে এবং কত দিনের মধ্যে গঠন করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বুধবার (২৮ অক্টোবর) জাতীয় সংসদের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধন বিশেষ কমিটির বৈঠক শেষে সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার কাঠামো নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদে এ বিষয়ে কয়েকটি প্রস্তাব রয়েছে। এসব প্রস্তাবের মধ্যে সমঝোতা না হলে পরবর্তী বিকল্প কী হবে, সে বিষয়েও প্রস্তাব রয়েছে। একটি প্রস্তাব ছিল র‍্যাঙ্কড চয়েস ভোট। এ বিষয়ে সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে কমিটির মতামত ছিল। এ ছাড়া আলোচনার মাধ্যমে জাতীয়ভাবে গ্রহণযোগ্য অন্য কোনো প্রস্তাব এলে সেটিও বিবেচনা করা হবে।

তিনি বলেন, কী প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে, এর কাঠামো কী হবে, কত দিনের মধ্যে গঠন করা হবে এবং কোন বাছাই কমিটির মাধ্যমে গঠন করলে বিতর্কের অবকাশ থাকবে না, এসব বিষয় পরীক্ষা করে দেখা হবে। সংসদে বিল উত্থাপনের পর বিতর্কের সময়ও বিভিন্ন পরামর্শ ও প্রস্তাব আসতে পারে।

সংবিধান সংশোধনের প্রক্রিয়া নিয়ে বিরোধী দলের সমালোচনার বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, তারা রাজপথে আন্দোলন করে যেসব দাবি জানাচ্ছে, সেগুলো নিয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিতে এলে তাদের বক্তব্য শোনা যেত। কিন্তু বিরোধী দল রাজপথের আন্দোলনকেই অগ্রাধিকার দিচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ