spot_img

আজ বাংলাদেশে খাদ্যের কোনো অভাব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আজ বাংলাদেশে কোনো খাদ্যের অভাব নেই। কোনো কিছুরই অভাব নেই। সারাদেশের গৃহহীনদের তালিকা করে তাদের বাসস্থানের ব্যবস্থা করছেন প্রধানমন্ত্রী।

রোববার (২৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরখানের কাঁচকুড়া শিক্ষা কমপ্লেক্সে ঢাকা মহানগর উত্তরের ৪৪নং ওয়ার্ডের ‘ত্রি-বার্ষিক ইউনিট আওয়ামী লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্কুল অ্যান্ড কলেজ মাঠে আওয়ামী লীগের জনসমাগম দেখে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইউনিট আওয়ামী লীগের এ দৃশ্য, এ অভিজ্ঞতা আমি কোনো দিন দেখিনি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ বদলে গেছে। প্রধানমন্ত্রী যা বলেন তা-ই করেন। সেজন্যে আজ তার আকাশচুম্বী জনপ্রিয়তা। এ জায়গায় কাউকে ভাড়া করে আনা হয়নি, কাউকে পয়সা দিয়ে আনা হয়নি। আপনারা আওয়ামী লীগকে ভালোবাসেন, এটাই প্রমাণ করে।

তিনি বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের কোনো রকম হয়রানি করা হচ্ছে না। যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায় সেক্ষেত্রে তদন্ত করা হবে। শিক্ষার্থীদের আন্দোলনে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বের সঙ্গে ডিউটি করে যাচ্ছে। অ্যাম্বুলেন্স থেকে শুরু করে জরুরি কোনো যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হলে সেগুলো চলাচলে সহযোগিতা করছে তারা।

রাজধানীর উত্তরখান ও দক্ষিণখানের সড়কে ইজিবাইকের কারণে সৃষ্ট যানজট নিরসন প্রসঙ্গে তিনি বলেন, আমি উত্তরা বিভাগের ডিসিকে (উপ-পুলিশ কমিশনার) বলবো- যিনি ট্রাফিকের দায়িত্বে আছেন আপনি ওনার সঙ্গে আলোচনা করে যানজট কন্ট্রোল করার ব্যবস্থা করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ