spot_img
spot_img

জিএম কাদেরের ওপর নিষেধাজ্ঞার আদেশ সাময়িক স্থগিত

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের ওপর পার্টির সব ধরনের কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ আগামী ৩ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) জিএম কাদেরের করা এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি শেখ আবদুল আউয়ালের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এতে পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্বপালনে কোনো বাধা রইল না।

জিএম কাদেরের আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম জানান, গত ৪ অক্টোবর জাতীয় পার্টি (জাপা) থেকে বহিষ্কৃত নেতা দলটির সাবেক এমপি জিয়াউল হক মৃধা নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩০ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দলীয় কোনো প্রকার সিদ্ধান্তগ্রহন ও দায়িত্বপালন থেকে বিরত রাখতে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন।

পরে এই আদেশ প্রত্যাহার চেয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের আবেদন গত ১৬ নভেম্বর খারিজ করে দেন আদালত। এর বিরুদ্ধে জেলা জজ আদালতে মিস আপিল করেন তিনি। আপিলের গ্রহণযোগ্যতার ওপর শুনানির জন্য ৯ জানুয়ারি দিন রাখা হয়। এ অবস্থায় শুনানি এগোনোর জন্য আবেদন দেন জিএম কাদের। তাঁর আবেদন ২৪ নভেম্বর খারিজ হয়। এর বিরুদ্ধে গতকাল হাইকোর্টে রিভিশন আবেদন করেন জিএম কাদের। এর ওপর আজ শুনানি হয়।

আদালতে জি এম কাদেরের পক্ষে আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাহিদা খাতুন, সহকারী অ্যাটর্নি জেনারেল সাবিনা পারভীন ও কোহিনুর আক্তার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ