আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, ভোটের মাধ্যমে এ সরকার ক্ষমতায় এসেছে। এ সরকার ক্ষমতায় থাকলেই মানুষ শান্তিতে থাকবে। তাই আগামী নির্বাচনেও জয় বাংলা বলে নৌকায় সিল মারতে হবে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর জেলা পরিষদের আয়োজনে মুক্তিযুদ্ধকালীন চাঁদপুর জেলার কমান্ডার ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি মানুষের সম্মান কেড়ে নেয় আর আল্লাহর ইচ্ছায় আওয়ামী লীগ মানুষের সম্মান ফিরিয়ে দেয়। যেখানে বীর মুক্তিযোদ্ধারা আছেন সেখানে শয়তান থাকে না। আমরা যতক্ষণ মাঠে থাকব ততক্ষণ মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল আওয়ামী লীগের হাতেই ক্ষমতা থাকবে। বিএনপি নাকি ১০ ডিসেম্বর ২৫ লাখ লোক নিয়ে ঢাকা শহর দখল করবে। ওইদিনই আওয়ামী লীগের ক্ষমতা শেষ। তারা রাষ্ট্র পরিচালনা করবে। আমরা বললাম আইনি খেলা দেখ। ওইদিন বিএনপি নাকে খত দিয়ে গরুর হাটের মাঠে গিয়ে সমাবেশ করেছে।










