spot_img

খালেদা জিয়াকে উন্নয়নের কারিগর বলে পদ হারালেন আ.লীগ নেতা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘উন্নয়নের কারিগর’ বলায় দলীয় পদ হারিয়েছেন যশোরের মনিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবদুল হাই।

মঙ্গলবার (২৯ মার্চ) মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান তাকে দল থেকে অব্যাহতি দেন।

তবে উপজেলা আওয়ামী লীগের দলীয় প্যাডের অব্যাহতি পত্রে সভাপতির স্বাক্ষর থাকলেও সাধারণ সম্পাদকের স্বাক্ষর নেই বলে জানা গেছে।

জানা যায়, গত ২৫ মার্চ গণহত্যা দিবসে মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেনের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবদুল হাই তার বক্তব্যের এক পর্যায়ে মুখ ফসকে বলেন- ‘দেশের উন্নয়নের কারিগর হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’।

এ সময় পাশ থেকে কেউ একজন তার ভুল ধরে দিলে আব্দুল হাই দুঃখ প্রকাশ করেন এবং বক্তব্য শুধরে নিয়ে বলেন- ‘দেশের উন্নয়নের কারিগর দেশরত্ন শেখ হাসিনা।’

এই বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন বলেন, বক্তব্যের সময় আবদুল হাই মুখ ফসকে যা বলেছেন সেটা অবশ্যই অন্যায়। তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ব্যক্তিগতভাবে কাউকে বহিষ্কার করতে পারেন না।

এ বিষয়ে আবদুল হাই সাংবাদিকদের বলেন, আমি তৃণমূল আওয়ামী লীগের কর্মী। দলের জেলা ও উপজেলার শীর্ষ নেতারা আমাকে ইউনিয়ন আওয়ামী লীগের পদ দিয়েছে। ২৫ মার্চ গণহত্যা দিবসে সভায় মুখ ফসকে যা বলেছি, তাক্ষণিকভাবে ‘সরি’ বলে শুধরে নিয়েছি। তারপরও কেউ যদি ব্যক্তিগত আক্রোশ থেকে আমাকে পদ থেকে অব্যাহতি দেয়, তবে সেখানে আমার কিছু বলার নেই। পদ-পদবী না থাকলেও আমি শেখ হাসিনার একজন সৈনিক ও বঙ্গবন্ধুর আদর্শ মেনে চলব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ