আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে শক্তিশালী বিস্ফোরণে ৫০ জনের বেশি মুসল্লি নিহত হয়েছেন।
শুক্রবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে কাবুলের পশ্চিমাঞ্চলের খলিফা সাহিব মসজিদে নামাজের পর এঘটনা ঘটে।
মসজিদ কর্তৃপক্ষের ধারণা, জুমার নামাজের পর মুসল্লিরা মসজিদে বসে জিকির করার সময় আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটায়। আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয় বিস্ফোরণে ১০ জন নিহতের কথা জানিয়েছে।
অন্যদিকে, ৬৬ জনের মরদেহ গ্রহণ করার কথা জানিয়েছে স্থানীয় হাসপাতালগুলো। এছাড়া ৭৮ জন আহত হয়ে হাসপাতালগুলোতে চিকিতসা নিচ্ছে বলেও জানানো হয়।
এখনও হামলার দায় স্বীকার করে নি কোন গোষ্ঠী। তবে হামলায় জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তির হুশিয়ারি দিয়েছেন ক্ষমতাসীন আফগান সরকারের তথ্য উপমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ।











