ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি বলেছেন, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে জাতীয় সম্পদ হিসেবে রক্ষা করবে ইরান। একই সঙ্গে তেহরান উপসাগরীয় অঞ্চলকে সুরক্ষিত রাখবে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পারস্য উপসাগরীয় দিবস উপলক্ষে এক লিখিত বক্তব্যে তিনি এই বার্তা দেন। মোজতবা খামেনির লিখিত বিবৃতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পড়ে শোনানো হয়।
বিবৃতিতে বলা হয়, ইরানের বিরুদ্ধে আমেরিকা-ইসরাইলের হামলা শুরু হওয়ার পর থেকে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে একটি নতুন অধ্যায় রচিত হচ্ছে।
তিনি বলেন, তেহরান নৌপথের শত্রুকে নির্মূল করবে এবং উপসাগরীয় অঞ্চলকে সুরক্ষিত রাখবে।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালিতে নতুন বিধি-বিধান ও ব্যবস্থাপনা শান্তি ও অগ্রগতির পাশাপাশি সব উপসাগরীয় রাষ্ট্রের জন্য অর্থনৈতিক সুবিধাও বয়ে আনবে।











