দক্ষিণ লেবাননের উপকূলীয় শহর আদলুনের উপকণ্ঠে বিমান হামলা চালিয়ে শিশুসহ ৮ সিরীয় নাগরিককে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।
শুক্রবার (২৯ মে) সাইদা জেলার আদলুন শহরের উপকণ্ঠ আল-হারতিয়া এলাকায় এই হামলা চালানো হয়। হামলার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও জরুরি সেবা কর্মীরা পৌঁছে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে তল্লাশি শুরু করে।
প্রাথমিকভাবে হতাহতের সংখ্যা কম বলা হলেও উদ্ধার তৎপরতার পর মৃতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়ায়। নিহত সবাই সিরীয় নাগরিক। তাদের মধ্যে শিশুও রয়েছে।
হামলায় বেশ কয়েকটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে নারী ও শিশুসহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আহতের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গাজ্জায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকে লেবানন সীমান্তেও হামলা ও সংঘাত বেড়েছে। যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও দক্ষিণ লেবাননের বিভিন্ন শহর, গ্রাম ও বসতিপূর্ণ এলাকায় প্রায়ই বিমান ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী।
ইসরাইলি বাহিনী এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
সূত্র : মিডল ইস্ট আই, আল জাজিরা, রয়টার্স











